পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের মামলা 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম

চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) গৃহপরিচারিকা পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। পরীমণির সাথে একই ফ্ল্যাটে বসবাসকারী সৌরভ নামের একজনকেও এ মামলায় আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগ বলা হয়েছে, কাদের এজেন্সির মাধ্যমে ২০২৪ সালের মার্চ মাসে পিংকি আক্তার পরীমণির বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করেন। তবে একটি শিশুকে দেখাশোনার দায়িত্বের কথা থাকলেও বাস্তবে তাকে দুই শিশুর দেখাশোনাসহ রান্নার কাজ করতে হতো। জীবিকার তাগিদে সবকিছু সহ্য করে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমণি মাদক গ্রহণ করে তাকে (বাদী) অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর কারণ জানতে চাইলে পরীমণি বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’

জবাবে পিংকি বলেন, ‘বাচ্চার রুটিন অনুযায়ী এখন দুধ খাওয়ানোর কথা, তাই দুধ করেছি।’পরীমণি ক্ষিপ্ত হয়ে বাদীনিকে মাথা, মুখ ও চোখে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় সৌরভ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরীমণিকে নির্যাতনে উৎসাহিত করে। পরবর্তীতে পিংকি আক্তার ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর ৪ এপ্রিল তিনি রাজধানীর ভাটারা থানায় পরিমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত