রাজধানীর রামপুরা বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃতের নাম সাথী আক্তার। তিনি একটি বেসরকারি টেলিভিশনের মেকআপ আর্টিস্ট ছিলেন। মঙ্গলবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান উল্লেখ করেন, সাথী আক্তারের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার চকপাড়া গ্রামে। তার বাবার নাম মুসলিম। আর স্বামী মো. বাবু। থাকেন বনশ্রীর এ ব্লকের ৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায়।
এসআই মো. হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে সোমবার রাতে প্রেমিকের সাথে রাগ, অভিমান করে গলায় ফাঁস দেন সাথী। পরে ওই প্রেমিকই তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বামী ও স্বজনরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।
মৃতদেহের বাম হাতের কব্জির নিচে কাটা দাগ রয়েছে। এছাড়া একই হাতের মধ্যমা আঙুলে কাটা জখম ও সেখানে সেলাই করা রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
