ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে দ্য ফিউচার অফ বুকস অ্যান্ড পাবলিশিং ইন দ্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এ আই) ল্যান্ডস্কেপ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন ড. ফারজানা আক্তার। সেমিনারে সভাপতিত্ব করেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দিলারা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম সোহেল বই পড়ার ওপর গুরুত্বরোপ করেন এবং অংশগ্রহণকারীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন। মাহরুখ মহিউদ্দিন তার বক্তব্যে বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে এবং বৈচিত্রপূর্ণ সংস্কৃতির মধ্যে বই কিভাবে সেতুবন্ধন গড়ে তোলে সেটা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
