যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্ক

বাণিজ্যযুদ্ধ অবসানের ইঙ্গিত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। তবে সম্প্রতি চীন বাদে বাকি সব দেশের ওপর সেই সম্পূরক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন তিনি। তার বিপরীতে বেইজিংয়ের সঙ্গে শুল্কযুদ্ধ চালিয়ে দেশটির ওপর শুল্ক ১৪৫ শতাংশের উন্নীত করেন। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে দফায় দফায় শুল্ক বাড়িয়ে তা ১২৫ শতাংশে নিয়ে যায়। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের এই বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়ে বিশ্ববাজারে। শেয়ার বাজারে দরপতন থেকে শুরু করে আমদানি-রপ্তানিতে সৃষ্টি হয় অনিশ্চয়তা। তবে চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু মন্তব্যে দুই দেশের শুল্ক-বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস পাওয়া গেছে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। বুধবার এএফপির প্রতিবেদনে বলা হয়- ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো বাধা নেই বলে জানিয়েছে বেইজিং। এর এক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প চীনের পণ্য আমদানিতে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানোর দিকে ইঙ্গিত দিয়েছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ের এক দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, চীন আরও আগেই উল্লেখ করেছে যে শুল্ক যুদ্ধ ও বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুল্ক আরোপের উদ্যোগ সব দেশের স্বার্থ পরিপন্থী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে শি মন্তব্য করেন, বাণিজ্যযুদ্ধ সব দেশের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণœ করে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার ক্ষতি করে এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।

দুই পরাশক্তির এই বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস তিন দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে দুই দশমিক আট শতাংশ করেছে। তবে বুধবার ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর বৈশ্বিক পুঁজিবাজারে খানিকটা স্বস্তি ফিরে এসেছে। ট্রাম্প ও তার কর্মকর্তাদের বক্তব্যে শিগগির বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আভাস পেয়েছেন বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত