দেড় বছর ধরে চালানো নির্বিচার হামলায় বিধ্বস্ত গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে ইসরায়েল। ওষুধ এবং জরুরি খাদ্য প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে ভূখণ্ডটিতে পোলিও টিকা প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকিতে সেখানকার ৬ লাখের বেশি শিশু। গত মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, টিকা ঢুকতে না দেওয়ার কারণে পোলিও প্রতিরোধে চতুর্থ পর্যায়ের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে। টিকা সরবরাহ বন্ধ হলে ৬ লাখ ২ হাজারের বেশি শিশু সারা জীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, গাজার শিশুদের স্বাস্থ্যের অবস্থা বর্তমানে নজিরবিহীন ও ভয়াবহ। প্রয়োজনীয় পুষ্টি ও নিরাপদ খাবার পানির পুরোপুরি অভাব রয়েছে ভূখণ্ডটিতে।
২০২৪ সালের আগস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত করে। এরপর সেপ্টেম্বর থেকে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই মুখে খাওয়ানোর পোলিও টিকাদান কার্যক্রম চালানো হয়। তিনটি ধাপে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
