শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে পড়ে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) নিখোঁজের ৪ ঘন্টা পর কুচাইপট্টি ইউনিয়নে পাচকাঠি এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম।
নিহত শিশুরা হলেন মো. ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬)। এদের মধ্যে ইব্রাহিম ওই এলাকার আলমগীরের ছেলে ও খুকু মনি সবুজ বেপারীর মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ও খুকুমনির বাবা ঢাকাতে শ্রমিকের কাজ করেন। পারিবারিকভাবে অস্বচ্ছল থাকায় শিশু দুটির মা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন। প্রতিদিনের ন্যায় মরিচ তোলার সময় বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সাথে নদীর পাড়ে গিয়েছিলেন। তাদের মায়েরা যখন কাজে ব্যস্ত তখন দুই শিশু খেলার ছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ ছিলো। পরে তাদের মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচনে আশাবাদী বিএনপি: ফারুক
কাশ্মীর হামলায় দোষীদের 'কল্পনাতীত শাস্তি' দেব: নরেন্দ্র মোদি