প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতারের আর্থনা সম্মেলনে গিয়েছেন চার নারী ক্রীড়াবিদ। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার ও শাহেদা রিপা। আছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ওই সম্মেলনের ফাঁকেই কাতারের বেশকিছু জায়গায় ঘুরেছেন আফিদারা। গিয়েছিলেন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ওঠার সাক্ষী লুসাইল স্টেডিয়ামেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে সেই সব ছবি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি। বৈঠকে হিন্দ জানান, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে কাতার ফাউন্ডেশন। এ প্রসঙ্গে আফিদা বলেন, ‘প্রধান উপদেষ্টা স্যার কাতার সফরে আমাদের কি করণীয় সেটি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাতারের কাছে তুলে ধরা। আমরা সেটাই চেষ্টা করেছি। দেশে খেলোয়াড়দের ফ্যাসিলিটিজ কেমন এবং থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধার দিকে দৃষ্টি দিতে অনুরোধ করেছি। হিন্দ খুবই মনোযোগী ছিলেন। তিনি আমাদের কথা রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আমি আশাবাদী, আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারব।’
ফুটবল মার্কেটিংয়ে নেমেসিসের রকস্টার