বললেন ডা. তাহের

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কারও রক্তচক্ষুকে পরোয়া করে না

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না, পরোয়া করে না। দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন জামায়াতে ইসলামী সেই কাজে সংস্কারে, পরিবর্তনে পরিপূর্ণ ঐকমত্য পোষণ করে।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় ব্যাপারে খুবই দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ। প্রথমত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এজন্য আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। স্বাধীনতার প্রশ্নে আমরা কারো হস্তক্ষেপ স্বীকার পরোয়া করি না। দ্বিতীয়ত ক্রেডিবল ও সাসটেইনেবল গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রের ভেতরে নয়, দলের ভেতরেও এই গণতান্ত্রিক চর্চা করি।

তিনি বলেন, জামায়াত বাংলাদেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চায়। যে নির্বাচনকে দেশের মানুষ, সারা বিশ্ব নির্বাচন বলবে। আজ আমাদের বড় ক্রাইসিসের কারণ গত তিন টার্ম যে নির্বাচন হয়েছে তা কোনও নির্বাচন ছিল না। নির্বাচন ছাড়া যদি ক্ষমতায় থাকা যায় তার জন্য যা যা করার তাই করা হয়েছে। জবাবদিহিতা ছিল না। তার পরিণতি তারা, আমরা সমগ্র জাতি ভোগ করছি। আমরা এটার পুনরাবৃত্তি চাই না।

তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জামায়াতে ইসলামী। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান দুরবস্থার পেছনে বড় দায় এই দুর্নীতি। একজন মানুষ যদি দুর্নীতিবাজ না হয়, দুর্নীতি না করে তাহলে তো কোনও নৈরাজ্য হবার সুযোগ নেই।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত