‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়ার স্বপ্ন ভেঙে গেল পিএসজির

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আর হলো না ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়ার গল্প। আগেই শিরোপা নিশ্চিত করা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৩-১ গোলে হার মানলো নিসের কাছে। চলতি মৌসুমে এটিই তাদের প্রথম হার।

শুক্রবার রাতে (২৬ এপ্রিল) নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নিসকে আতিথ্য দিয়েছিল লুইস এনরিখের দল। সেরা একাদশ নামিয়েও জয় তুলে নিতে পারেনি তারা।

ম্যাচের ৩৪তম মিনিটে নিসের হয়ে প্রথম গোলটি করেন মর্গান সানসন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি পিএসজিকে। ৪১ মিনিটে ফেবিয়ান রুইসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর মাঠে ফিরেই আবারও এগিয়ে যায় নিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই সানসন নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আবারও লিড এনে দেন। এরপর ৭০তম মিনিটে ইউসুফ এনদায়িসিমিয়ে স্কোরশিটে নাম তোলেন। তার গোলে ব্যবধান ৩-১ করে নেয় অতিথিরা।

শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। নিজেদের মাঠেই বড় হার মেনে নিতে হয় এনরিখের শিষ্যদের।

৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে নিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত