পিএসএলে 'কিছু শেখার' লক্ষ্যে দেশ ছাড়লেন নাহিদ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের জন্য দেশ ছেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন নাহিদ। নতুন অভিজ্ঞতার আগে প্রত্যাশার কথা জানাতে ভোলেননি এ উদীয়মান তারকা।

বিদায়ের আগে নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। চেষ্টা করবো কিছু শিখতে। কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করিনি। ম্যাচ বাই ম্যাচ ভালো করার চেষ্টা থাকবে।’

পিএসএলের দশম আসরের ড্রাফটে গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদকে দলে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন পেশাওয়ার জালমি। তবে নাহিদের পাকিস্তান পৌঁছানোর আগেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছে পেশাওয়ার। এখন পর্যন্ত তিন হারের বিপরীতে দুটি জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি।

আগামীকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পেশাওয়ার জালমি। সেই ম্যাচেই অভিষেক হতে পারে নাহিদ রানার।

এদিকে পিএসএলের এবারের আসরে আরও দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে রিশাদ হোসেন ইতোমধ্যেই চার ম্যাচে অংশ নিয়ে নিয়েছেন ৮টি উইকেট। তবে দুঃসংবাদ হলো, লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।

নাহিদ রানার হাত ধরেই হয়তো এবার পিএসএলে নতুন করে আলো ছড়াবে বাংলাদেশের ক্রিকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত