সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রার্থীরা। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে শাহবাগে জড়ো হতে থাকেন তারা। পরে রাত ৮টার দিকে তারা যান চলাচল বন্ধ করে দেন।
এর আগে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন চাকরিপ্রার্থীরা। পরে তারা একটি মানবপ্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসি’র সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।
এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।
