দ্বিতীয় সেশনে আধিপত্য জিম্বাবুয়ের, দুই ব্যাটারের ফিফটি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম

প্রথম সেশনে লড়াইটা ছিল সমানতালে। বাংলাদেশের বোলাররা পেয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, তবে জিম্বাবুয়ে তুলেছিল ৮৯ রান। কিন্তু দ্বিতীয় সেশনে পাল্টে গেছে দৃশ্যপট। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে শক্ত ভিত গড়ে নিয়েছে সফরকারীরা। চা বিরতির সময় তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৫৬ রান।

জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস ও নিক ওয়েলস তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শুরু থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করা ওয়েলস তাইজুল ইসলামের বলে থার্ড ম্যানে ঠেলে দুই রান নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছন্দে ফেরেন ওয়েলস। উইলিয়ামসের সঙ্গে ১৭৮ বল মোকাবিলা করে গড়ে তুলেছেন ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি।

ওয়েলস যখন ফিফটি করেন, তখন উইলিয়ামসের নামের পাশে ৪১ রান। বেশি সময় নেননি তিনিও। ধীরে ধীরে এগিয়ে গেছেন ফিফটির দিকে।

এই জুটির মাঝখানে অবশ্য বাংলাদেশ পেয়েছিল একটি সুযোগ। তাইজুল ইসলামের বলে শর্ট ফাইন লেগে ঠেলে রান নিতে দৌড় শুরু করেন উইলিয়ামস। কিন্তু উইকেটের মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। একসময় পুরো শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন মনে হয়েছিল নিশ্চিত রান আউট। স্ট্রাইক প্রান্ত থেকে উইকেটকিপার জাকের আলী বল ছুড়ে দেন। কিন্তু তাঁর দুর্বল থ্রো তাইজুলের কাছে পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই ফাঁকে কোনোমতে ক্রিজে পৌঁছে যান উইলিয়ামস। এভাবে রক্ষা পেয়ে ইনিংস বড় করার কাজ চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে প্রথম সেশনের শেষ দিকে লাঞ্চে ২ উইকেটে ৮৯ রান নিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশন জিম্বাবুয়ের আধিপত্যে কাটায় এখন চাপ বাংলাদেশ দলের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত