খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক পালিয়ে গেলেও পুলিশ তার সহযোগী হুমায়ুনকে আটক করেছে। ভুক্তভোগী কলেজ ছাত্রী খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন। 

জানা গেছে, গত দুই মাস আগে নগরীর একটি মার্কেটে জ্যোতির সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমালাপ শুরু হয়। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় জ্যোতি। কলেজছাত্রীও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। শনিবার (২৬ এপ্রিল) ওই কলেজ ছাত্রীকে রূপসা ষ্ট্যান্ডরোডে বন্ধু জাহিদের পাঁচতলার ভাড়া বাসায় বিয়ের কথা বলে ডেকে নেয় জ্যোতি। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কলেজ ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর কথিত প্রেমিক জ্যোতি তার অপর দুই বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে। রাজি না হলে ওই কলেজ ছাত্রীর সাথে যোগযোগ বন্ধ করে দেয় এবং অন্তরঙ্গ মুহুর্তের ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, সোমবার (২৮ এপ্রিল) রাতে বিয়ের প্রস্তাব নিয়ে তিনি জ্যোতির বাড়ি সুলতান আহমেদ রোডে যান। সেখানে গেলে জ্যোতি তাকে রাস্তার উপর ফেলে আঘাত করে। এছাড়া তাদের বাড়ির সামনে এলে তাকে হত্যার হুমকি দেয় জ্যোতি। এমন পরিস্থিতিতে কোন উপায় না পেয়ে খুলনা থানায় অবগত করেন তিনি। এমন অভিযোগ পেয়ে পুলিশ জ্যোতির বাড়িতে অভিযান চালায়, কিন্তু অভিযানের খবর পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে রূপসা ষ্ট্যান্ডের ওই পাঁচতলা বাড়িতে অভিযান চালিয়ে সহযোগী হুমায়ুনকে আটক করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘ধর্ষণের ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন প্রধান আসামি জ্যোতির বন্ধু এবং রূপসা ষ্ট্যান্ডরোডের বাসিন্দা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত