উপভোগের মন্ত্রে ফাইনালে যেতে চায় আর্সেনাল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম

চ্যাম্পিয়নস লিগে কখনো শিরোপা জেতা হয়নি আর্সেনালের। তাই এবার সেমিফাইনালের আগে কিছুটা চাপও অনুভব করছে ইংলিশ ক্লাবটি। বিষয়টি স্বীকার করে দলকে মুহূর্তটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে এমিরেটস স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগে এনিয়ে স্রেফ তৃতীয়বারের মতো সেমি-ফাইনালে খেলছে আর্সেনাল। সবশেষ ২০০৮-০৯ মৌসুমে, সেবার শেষ চার থেকে ছিটকে পড়েছিল তারা।

১৬ বছর পর সেমিতে খেলার আগের দিন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সংবাদ সম্মেলনে বলেন, 'এটা (চাপ) অনুভব করছি, আমাদের অনেকে আছে যারা অনেক বছর ধরে এই ক্লাবে কাজ করছে কিন্তু তারা কখনোই এই অবস্থানে ছিল না, এই কারণে। সুতরাং মুহূর্তটা অনন্য এবং সুন্দর। আমাদের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, আর সেটার শুরু আগামীকাল (আজ রাতে)।'

চাপকে দূরে সরিয়ে দলকে বর্তমান নিয়ে থাকার তাগিদ দিলেন আর্সেনাল কোচ। আর্তেতা আরও বলেন, 'মুহূর্তটি উপভোগ করো, বর্তমানে থাকো। আমরা এখানে আছি, খুবই সৌভাগ্যবান। এই অবস্থানে থাকার জন্য আমরা অনেক কিছু করেছি। দশ মাস ধরে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করছি। তাই আমরা এটা অর্জন করছি। তাই, বর্তমানকে এবং মুহূর্তটি উপভোগ করতে হবে।'

ফরাসি ক্লাব পিএসজির মাঠে দুই দলের দ্বিতীয় লেগ আগামী ৭ মে। আর্সেনালের মতো পিএসজিও চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপার সন্ধানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত