শিক্ষা ও গবেষণায় নটর ডেম বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবি’র সমঝোতা চুক্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় ঘনিষ্ঠ সহযোগিতার উদ্দেশ্যে সমঝোতায় পৌঁছেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি স্বাক্ষর করেন আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং এনডিইউবি’র উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি। স্বাক্ষর অনুষ্ঠিত হয় ২৪ এপ্রিল।

এই সমঝোতার আওতায় দু’পক্ষই একযোগে গবেষণা প্রস্তাব তৈরি, গবেষণা অনুদানের জন্য আবেদন এবং প্রযুক্তিগত ও পরীক্ষাগার-ভিত্তিক সহযোগিতা প্রদান করবে। ভবিষ্যতে জনস্বাস্থ্য, সংক্রামক রোগ ও মানবসম্পদবিষয়ক গবেষণা, বায়োইনফরমেটিক্স বিশ্লেষণ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

চুক্তির অংশ হিসেবে গবেষণাগার ও প্রযুক্তিগত বিনিময়, নমুনা সংগ্রহ ও গবেষণা কার্যপ্রবাহ নির্ধারণ এবং ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়েও সম্মত হয়েছে উভয় পক্ষ, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকবে।

চুক্তি স্বাক্ষরের দিন এনডিইউবি’র প্রতিনিধিরা আইসিডিডিআরবি’র জিনোম সেন্টার পরিদর্শন করেন। এই সেন্টারটি দেশে আধুনিকতম মলিকুলার টেস্টিং সেবা প্রদান করে, যা ক্যানসার বিশেষজ্ঞদের জন্য দ্রুত, নির্ভুল ও সহজলভ্য ডায়াগনস্টিক সহায়তা নিশ্চিত করে চিকিৎসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত