আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের ছয় সদস্য।   

নিহত মোশারফ হোসেন একই উপজেলার দিঘীরপাড় গ্রামের শমসের মোল্লার ছেলে।  

আহতরা হলেন, আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ। আহত‌দের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় ইউনিয়ন প‌রিষদ সদস্য আহম্মদ আলী জানান, দিঘীরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতা শহীদ শিকদার ও আবু সাঈদের দুইটি সামাজিক দল ছিল। গ্রাম পর্যায়ে তারা আলিমুদ্দীন ও আহম্মদ আলী গ্রুপে বিভক্ত হয়। ফ্যা‌সিষ্ট হাসিনা সরকারের পতনের পর উভয় গ্রুপের সামাজিক দলের সদস্যরা যুবদল নেতা শাহাবুল ও বিএনপি নেতা জাহিদ বিশ্বাসের দলে যোগদান ক‌রে এবং সামাজিক বিরোধে লিপ্ত হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, পুরানো বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল একদফা মারামারি হয় এবং রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে একপক্ষ হামলা চালায়। ঘটনার দিন আলিমুদ্দীনের সমর্থকরা পিটিয়ে ও কুপিয়ে নারীসহ ৫ জনকে আহত করে। 

এ নিয়ে বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসার খবরে আলিমুদ্দীনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায়। যে কার‌নে সু‌যোগ বু‌ঝে আহাম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ আলিমুদ্দীন গ্রুপের সদস্য মোশাররফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে ৭ জনকে গুরুতর জখম করে। মোশাররফ হোসেন চি‌কিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত