ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ  

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি। বুধবার (৩০ এপ্রিল) সকালে ছেলেকে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি।

নিহত আনোয়ার হোসেন (৩০) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বাসিন্দা ঘাতক মোহাম্মদ আলীর ছেলে। অপর দিকে মোহাম্মদ আলী ৩ নং ওয়ার্ডের নানাইয়া গ্রামের  আবদুর রশিদের ছেলে। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানায়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

স্বজনরা জানান খুন হওয়া আনোয়ার হোসেন দুই দফা বিদেশে চাকরি করেছেন। প্রথমবার চার বছর সৌদি আরবে ছিলেন। পরবর্তীতে আরও দুই বছরের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে গত ২০২৪ সালের মার্চ মাসে দেশে ফিরেন। এরপর তিনি নেশায় আসক্ত হয়ে যান। নেশার টাকার জন্য আনোয়ার হোসেন বাবা, মা ও বোনকে প্রায় সময় মারধর করতেন। এতে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকতো। অনেক সময় পরিবার টাকা দিলেও তার চাহিদা পূরণ না হলে চলত মারধর।  তার বাবা মাকে নেশার টাকা দেওয়ার জন্য চাপ দিতেন। এসব বিষয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আনোয়ার হোসেনকে বোঝানো হয়। কিন্তু তিনি দিনকে দিন আরও বেশি আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাবা তার জমি বিক্রি করতেও বাধ্য হয়েছেন। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ওই বৃদ্ধ দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আমরা ঘটনাস্থল থেকে দা উদ্ধার করেছি। ছেলে মাদকাসক্ত ছিলো। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আত্মসমর্পণ করা আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত