দুর্ঘটনার কবলে নেতানিয়াহুর গাড়িবহর

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জেরুজালেমে তার কার্যালয়ের বাইরে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নেতানিয়াহুর গাড়িবহরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে।

ঘটনার সময় নেতানিয়াহু গাড়ির ভেতরে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠদের বরাতে ওয়াইনেট জানিয়েছে, ওই সময় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না।

ইউনাইটেড হাটজালাহ জানিয়েছে, আহত অবস্থায় ১৭ বছর বয়সী মোটরসাইকেল আরোহী কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হননি কেউ।

জানা গেছে, দুর্নীতির অভিযোগের জবাব দিতে মঙ্গলবার তেল আবিব জেলা আদালতে ২৭তম বারের মতো হাজির হয়েছিলেন নেতানিয়াহু। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির জন্য আদালত সপ্তাহে দু’বার বৈঠক করে। আগামী ৭ মে নেতানিয়াহুর শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত