খুলনায় মে দিবসের আলোচনাসভায় বক্তারা

কোনও শ্রমিক যেন অবহেলার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে

আপডেট : ০১ মে ২০২৫, ০৫:০১ পিএম

খুলনায় মে দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন-উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোনও শ্রমিক যেন অবহেলার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার খুলনায় আয়োজিত মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আলোচনাসভায় এসব কথা বলেন বক্তারা।

এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সঙ্গে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. বেলায়েত হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ।

স্বাগত বক্তৃতা করেন শ্রম দপ্তরের পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক প্রতিনিধির পক্ষ থেকে বক্তৃতা করেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ূন কবির এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন ওজোপাডিকো (সিবিএর) সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ও বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রসুল খান। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত