ময়মনসিংহের নান্দাইল উপজেলার শুভখিলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন দিলোয়ার হোসেন দিলু (৫২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ অভিযুক্ত ভাতিজা এনামুল হককে (৪০) আটক করেছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের বরাতে জানা যায়, কালীগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের বাসিন্দা, মৃত শিরু মিয়ার ছেলে দিলোয়ার হোসেন দিলুর সঙ্গে তার চাচাতো ভাই হামিদুল হকের ছেলে এনামুল হকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে এনামুল জোরপূর্বক গাছ কেটে নিলে দিলু বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
এ ঘটনার জেরে গতকাল বিকেল ৩টার দিকে এনামুল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা নিয়ে দিলুর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দিলু প্রাণ বাঁচাতে দৌড়ে প্রতিবেশী সাদেক মিয়ার বাড়ির উঠানে গিয়ে পড়ে যান। ওই সময় স্ত্রী রুমা আক্তার স্বামীকে বাঁচাতে গেলে এনামুল তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত দিলু ও রুমাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দিলু মারা যান।
ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক এনামুল হককে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।
ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা