নারায়ণগঞ্জের আড়াইহাজারে রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই হাবিবুল্লা মিয়া (৩৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহ সিংহদী গ্রামের রুস্তম আলীর ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে আড়াইহাজারের সিংহদী এলাকার রুস্তম আলীর ছেলে শামীম ও হাবিবুল্লাহ দুই ভাই মিলে স্বপন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত স্বপন আড়াইহাজরের কাহেন্দী এলাকার মৃত রহম আলীর ছেলে। পরে নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, রায় ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাবিবুল্লা মিয়াকে ডেমরার মাতুয়াইলের আশ্রাফ আলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
