বাংলাদেশ সফরে ঝুঁকি দেখছে ভারত!

আপডেট : ০২ মে ২০২৫, ০৭:৫৮ পিএম

আগস্টে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের দুটো সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে কাশ্মীরে পর্যটক হত্যা এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়তে পারে বাংলাদেশ সফরেও, এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় দলের বাংলাদেশ সফরে না আশার সম্ভাবনাই বাড়ছে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মাঝে সম্পর্কে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশী নাগরিকদের জন্য বন্ধ রয়েছে ভারতের পর্যটক ভিসা, বন্ধ আছে দুই দেশের ভেতর ট্রেন চলাচলও। গত বছর ভারত সফরে যাওয়া বাংলাদেশ দলও পায়নি উষ্ণ আতিথেয়তা, ছিল কঠোর নিরাপত্তার ঘেরাটোপ। কারণ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো কানপুর এবং গোয়ালিওরের মত জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে।

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক হৃদ্যতা বেড়েছে বাংলাদেশের, যোগাযোগ বেড়েছে ক্রিকেটেও। পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খানকে এরই মধ্যে হাই পারফরম্যান্স দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে আসতে পারেন পাকিস্তানের আরেক সাবেক খেলোয়াড় উমর গুল। চলতি মাসেই পূর্বনির্ধারিত সূচীর বাইরে ৫ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

সব মিলিয়ে ‘শত্রু’র সঙ্গে ঘনিষ্ঠতা ভাল ভাবে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা সূত্র, ‘ এই সফরটা ক্রিকেট পঞ্জিকার অংশ বটে, তবে কোন কিছুই এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভারত ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে যাবে না, এমন সম্ভাবনাই জোরাল হচ্ছে’। প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক পরিস্থিতিতে এশিয়া কাপেও দল পাঠাতে গররাজি হতে পারে ভারত।

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন বিভাগের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দেশ রূপান্তরকে ফাহিম জানান, ‘ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে ঝুঁকির কিছু নেই। বিসিসিআই এর সঙ্গে আমাদের যেরকম যোগাযোগ করা দরকার সেরকম যোগাযোগ হচ্ছে। দুই বোর্ডের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা সিরিজকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নিচ্ছি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত