ভারতের গোয়ার পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (৩ মে) রাজ্যের রাজধানী পানাজি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শ্রী দেবী লাইরাই মন্দিরে এই ঘটনা ঘটে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে ভক্তরা বার্ষিক উৎসবে শিরগাঁও মন্দিরে জড়ো হয়েছিলেন। বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। একে অপরকে ধাক্কা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় এবং পায়ের নিচে চাপা পড়ে হতাহত হন অনেকে।
ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড ভিড় থেকে বাঁচতে লোকজন হিমশিম খাচ্ছিল।
প্রতি বছর উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে পালিত হয় লৈরাই দেবীর যাত্রা। এটি দেবী লাইরাইকে উদযাপন করে, যাকে দেবী পার্বতীর অবতার এবং গোয়ান লোককাহিনীর সাত বোন দেবতার মধ্যে একজন বলে মনে করা হয়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
