বার্সেলোনায় অভিষেকের অপেক্ষায় আরেক বিস্ময়বালক দানি রদ্রিগেজ

আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:০৫ পিএম

ফুটবল বিশ্বের বিস্ময় উপহার দেওয়ার ক্ষেত্রে বার্সেলোনা বরাবরই অনন্য। সময়ের পর সময় তারা আবিষ্কার করেছে তরুণ তারকা, যারা কেবল আলো ছড়াননি, নতুন ইতিহাসও রচনা করেছেন। সেই ধারাবাহিকতায় লিওনেল মেসি থেকে শুরু করে লামিনে ইয়ামালের নাম এখন কিংবদন্তির কাতারে। এবার তাদের পথ ধরেই আসছেন আরেক বিস্ময়বালক—দানি রদ্রিগেজ

২০০৯ সালে স্পেনের বাস্ক অঞ্চলের ছোট শহর অস্তিগারাগাতে জন্ম নেওয়া রদ্রিগেজের ফুটবল যাত্রা শুরু হয় রিয়েল সোসিয়েদাদের বয়সভিত্তিক দলে। মাত্র ১৪ বছর বয়সে, ২০২০ সালে বার্সার নজরে পড়েন তিনি। এরপর থেকে ধাপে ধাপে নিজেকে গড়ে তুলেছেন কাতালানদের কুঁড়িঘরে।

চ্যাম্পিয়নস লিগের ব্যস্ত সূচিকে সামনে রেখে আজকের লিগ ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে কিছু রোটেশনের পরিকল্পনা করেছেন কোচ হান্সি ফ্লিক। আর সেই পরিবর্তনের তালিকায় উঠে এসেছে ১৬ বছর বয়সী রদ্রিগেজের নাম। মুন্দো দেপোর্তিভোসহ ইউরোপের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজই বার্সার মূল দলে অভিষেক ঘটতে পারে এই তরুণ মিডফিল্ডারের।

রদ্রিগেজ এখনো পেশাদার ফুটবলে পা রাখেননি। তবে বয়সভিত্তিক দলে নিজের দক্ষতা এবং মাঠের প্রভাবিত উপস্থিতি দিয়ে আগেই নজর কেড়েছেন। গতিময় খেলা, বল কন্ট্রোল, কৌশলগত দৃষ্টিভঙ্গি আর ম্যাচের ভেতরে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে বার্সার কোচ ফ্লিকের পছন্দের তালিকায় নিয়ে এসেছে। মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেললেও করেছেন ৩ গোল, সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাসিস্ট।

ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই বার্সার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত পেশাদার চুক্তি আদায় করে নিয়েছেন তিনি। পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলের হয়েও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন।

আজ যদি অভিষেক হয়, তবে তা শুধু রদ্রিগেজের ফুটবল জীবনের নতুন অধ্যায়ই হবে না—বার্সেলোনার বিস্ময়বালকদের উত্তরাধিকারে আরেকটি সম্ভাবনার নাম হিসেবেও যোগ হবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত