অকালপ্রয়াত মানজারুল রানার জন্মদিন আজ

আপডেট : ০৪ মে ২০২৫, ০১:৫১ পিএম

বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৪১ বছর। হয়তো দারুণ কিছু পারফর্মেন্স উপহার দিয়ে আরও আগেই অবসর নিয়ে নিতেন। কিন্তু মৃত্যুই মানজারুল ইসলাম রানার বয়সটা ২২ বছরেই থামিয়ে দিয়েছে। আজ ৪ মে জাতীয় দলের সাবেক এই অল- রাউন্ডারের জন্মদিন। ২০০৭ সালের ১৬ মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

১৯৮৪ সালের ৪ মে খুলনার মুজগুন্নিতে জন্মগ্রহণ করেন রানা। ২০০০ সালে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০০৩ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে পথচলা। নিজের তৃতীয় বলে মাইকেল ভনকে আউট করে তিনি হয়ে ওঠেন প্রথম ওভারে উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার। পরের বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

জাতীয় দলের হয়ে রানা ৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে ৩৩১ রান ও ২৩ উইকেট এবং টেস্টে ২৫৭ রান ও ৫ উইকেট শিকার করেছেন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে তার অল-রাউন্ড পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একপর্যায়ে জাতীয় দল থেকে বাদ পড়ে হতাশায় ভূগছিলেন। রানার বন্ধু মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার তরতর করে এগোচ্ছিল, কিন্তু রানা যেন পিছিয়েই যাচ্ছিলেন।

এরপর আসে সেই ভয়াবহ দিন। ২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের কাছে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রানা। সেই দুর্ঘটনায় তার সঙ্গে ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু; তিনিও প্রাণ হারান। কে জানে, রানা বেঁচে থাকলে হয়তো সাকিব আল হাসানের মতো আরেকজন বিশ্বসেরা বাঁহাতি স্পিন বোলিং অল-রাউন্ডার পেত বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত