প্রথমবারের মতো বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

আপডেট : ০৪ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

'সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, মুক্ত আলোচনাসভা ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

শনিবার (৩মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে অ্যান্ড ফাস্টফুড অর পার্টি সেন্টারে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় একটি র‍্যালি বের হয়। পরে শহরের ঢাকা মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাড মোরশেদ মানিক।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হিলি বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিলন, আজকের পত্রিকার প্রতিনিধি নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জনকণ্ঠ প্রতিনিধি বিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, কালের কণ্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, আমার দেশ বিরামপুর প্রতিনিধি এনামুল হক, দেশ রূপান্তর ও বাংলাদেশ বেতারের পঞ্চগড় প্রতিনিধি শহিদ হোসেন, ফুলবাড়ী সমকাল প্রতিনিধি আজিজুল ইসলাম, বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মুশফিকুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নুরে আলম সিদ্দিকী। এতে কয়েকটি জেলা ও উপজেলা থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা সাগর-রুনি হত্যা হত্যার বিচার, কালো আইন বাতিলসহ সকল নির্যাতিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত