কয়েক মাস বিরতির পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ রবিবার (৪ মে) বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে অর্ধডজনেরও বেশি মন্ত্রিপর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল।
রাষ্ট্রদূত বিশেষ দূতকে অবহিত করেন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যার ফলে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি পেয়েছে।
