ফতুল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন পাঁচটি ভবনে রাজউকের অভিযান

আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:৫০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন অমান্য করে ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ৫টি ভবনে অভিযান পরিচালনা করছে রাজধানি উন্নয়ন কতৃপক্ষ রাজউক। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে রবিবার (৪ মে) সকাল এগারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত উত্তর ভূইগড়, শান্তিধারা ও তুষারধারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় রাজউকের অথরাইজড অফিসার আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আবু সাদাত মো. সায়েম, প্রধান ইমারত পরিদর্শক মো. রাসেল ইসলাম, ইমারত পরিদর্শক মো. সারওয়ার হোসেন, ইমারত পরিদর্শক রাজিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন। 

অভিযানকালে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন মদিনা গার্ডেন সিটি নামের একটি পাঁচতলা ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়া হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বহুতল ভবনটির মালিক মো. শফিউল্লাহ, মো. কবীর আহাম্মদ, মো. জহিরুল ইসলাম, মো. শাহজালাল, মো. আমিনুল ইসলাম, মো. রাসেল গং। সাড়ে ১৪ শতাংশ জমির উপর নির্মাণাধীন ভবনটির মালিকপক্ষ কোন পাশেই জায়গা না ছেড়ে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছে। এসময় ২ টি বহুতল ভবনের মালিকপক্ষকে না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

রাজউকের অনুমোদন ছাড়াই ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছাড়পত্র নিয়ে পাঁচ তলা ভবন নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল আজিজ ভূইয়া। তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একটি সদ্য নির্মিত ভবনের বর্ধিতাংশ গ্যাস কাটার দিয়ে কেটে দেয়া হয়। ৫টি ভবনের  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়। একই সাথে সবগুলো ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।  

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীন জানান, রাজউক ইতোমধ্যে ৩ হাজার ৩৮০ টি বহুতল ভবন চিহ্নিত করেছে যেগুলো নকশা বহির্ভূত ও নকশা অনুমোদন ব্যাতিরেকে নির্মাণ করা হচ্ছে। রবিবার ৫ টি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। ২টি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ উচ্ছেদ করা হয়। একটি বহুতল ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবগুলো ভবনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অনুমোদন, নকশা ও নিয়ম বহির্ভূতভাবে নির্মাণাধীন সকল ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত