প্রতিটি চ্যালেঞ্জে নতুন করে ফিরে আসার প্রেরণা খোঁজেন সোহান

আপডেট : ০৪ মে ২০২৫, ০৬:২৭ পিএম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের আরেক নাম নুরুল হাসান সোহান। বিপিএল হোক বা ঢাকা প্রিমিয়ার লিগ—প্রতিটি টুর্নামেন্টেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন নিয়মিত। এবার তার সামনে জাতীয় দলে ফেরার বড় মঞ্চ। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে দেখা যাবে উইকেটরক্ষক এই ব্যাটারকে।

অনেকেই এই সিরিজকে দেখছেন জাতীয় দলে ফেরার সম্ভাবনার ‘লাইফ লাইন’ হিসেবে। সোহান নিজেও জানেন, এটি তার জন্য হতে পারে নতুন করে আলো ছড়ানোর সুবর্ণ সুযোগ। ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে যতটুকু সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে পিছপা হননি তিনি। ৫ ওয়ানডেতে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান। কিন্তু দলের কম্বিনেশন কিংবা টিম ম্যানেজমেন্টের ভাবনায় জায়গা হয়নি নিয়মিত।

বাংলাদেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ৬৪টি ম্যাচ। যদিও জায়গা ধরে রাখতে পারেননি, তবে সেটিকে জীবনের স্বাভাবিক চক্র হিসেবেই দেখছেন এই ক্রিকেটার।

এ দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকে সোহান বলেন, ‘আমার মনে হয়, মানুষের চিন্তাধারার পার্থক্য থাকতেই পারে। এসব নিয়ে আমার কখনো কোনো আক্ষেপ ছিল না। তবে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার স্বপ্ন। খারাপ সময় আসলে নিজেকে চ্যালেঞ্জ দিই, নতুন করে ফিরে আসার প্রেরণা খুঁজি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে পারা—এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’

এই লক্ষ্য পূরণের পথে সম্প্রতি একটি স্বপ্নের মৌসুম পার করেছেন সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ১১ ম্যাচে ৫২২ রান করেছেন তিনি। গড় ৫৮ আর স্ট্রাইক রেট ৯৩.৫৫—উভয়ই সমীহ জাগানো। করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। এর মধ্যে ক্যারিয়ার সেরা ১৩২ রানের এক ইনিংসও আছে।

বিপিএলেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন রংপুর রাইডার্সের হয়ে। ১০ ম্যাচে ১৮২ রান, গড় ২০.২২। কয়েকটি ইনিংসে দেখা গেছে তার আগ্রাসী মেজাজ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২৪ বলে ৪১, ফরচুন বরিশালের বিপক্ষে ৭ বলে ৩২ এবং দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে প্রমাণ দিয়েছেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে।

সবশেষ পারফরম্যান্সগুলোই বলছে, সোহান এখন পূর্ণ আত্মবিশ্বাসে ভরপুর। সামনে ‘এ’ দলের সিরিজে সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে পারলে জাতীয় দলের দরজাও আবার খুলে যেতে পারে। অপেক্ষা শুধু আরেকটি সুযোগের, আর তার সদ্ব্যবহারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত