যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। সোমবার (৫ মে) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঝিকারগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
এর আগে গতকাল রবিবার রাত ১০টার দিকে উপজেলার পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য চটকাপোতা গ্রামের সাহেব আলী (৫৫), যুবলীগের সদস্য পান্তাপাড়া গ্রামের মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), গাতিপাড়া গ্রামের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার (৫৪), শার্শার সদস্য কাজী আক্তারুজ্জামান মাখন (৫৪), ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ -সভাপতি ও মধ্যপাড়া গ্রামের হায়দার আলী (৩৭)।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদে ভিওিতে তারা জানতে পারেন আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতা ঝিকরগাছা পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।
পাকিস্তান-ভারত নিয়ে আজ বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
প্রত্যাবর্তনের ম্যাচেই রিশাদের রেকর্ড