সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (সোমবার) সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন ক্যাম্প। সীমিত সময়ের জন্য গণমাধ্যমকর্মীদের জন্য খুলে দেওয়া হয় অনুশীলন ভেন্যু। মাত্র ১৫ মিনিটের সেই ফাঁকে ধরা পড়ে ক্রিকেটারদের নিবিড় প্রস্তুতির দৃশ্য।
বোলিং মেশিনে ছোড়া দ্রুতগতির বল স্টিলের এক পাত্রে লাগিয়ে তৈরি করা হচ্ছিল কৃত্রিম স্পিন। সেই বলগুলোকে ‘নো লুক’ স্টাইলে আকাশে ওড়াতে দেখা যায় সৌম্য সরকারকে। ব্যাটিং প্র্যাকটিসে ছিলেন দারুণ মনোযোগী। মাঠের পাশে দাঁড়িয়ে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট দিচ্ছিলেন ছক্কা হাঁকানোর টোটকা। কখনও বলের টাইমিং, কখনওবা ব্যাটের মুখ খোলার কৌশল সবই উঠে আসছিল আলোচনায়।
সৌম্যর পাশাপাশি নজর কাড়েন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে ঘিরে ব্যাটিং পরামর্শে ছিলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সামনে-পেছনে ঘুরে ঘুরে তরুণ ব্যাটারকে শিখিয়ে যাচ্ছিলেন কীভাবে পেস ও স্পিন সামলাতে হবে। পায়ের পজিশন কিংবা মাথার পজিশনও যদি ঠিক না থাকে সেটাও দেখিয়ে দিচ্ছিলেন কোচ।
এছাড়া মোস্তাফিজুর রহমানকে দেখা গেছে বল হাতে অনুশীলন করতে। চোট কাটিয়ে দীর্ঘদিন পর যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে।
উল্লেখযোগ্য বিষয় ছিল, পুরো অনুশীলনেই ছিল কঠোর নিরাপত্তা। সংবাদকর্মীদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয় মাত্র ১৫ মিনিট। এর বাইরের পুরো অনুশীলন চলে ছিল প্রহরার ঘেরাটোপে।
সামনের টি-টোয়েন্টি সিরিজে দলে কিছু নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। তাই অনুশীলনের সূচনা থেকেই দেখা যাচ্ছে বাড়তি মনোযোগ। কন্ডিশনিং থেকে শুরু করে ব্যাটিং কৌশল—সবক্ষেত্রেই প্রস্তুতির ছাপ ছিল স্পষ্ট।
রোনালদোর সঙ্গে তুলনীয় ফুটবলারকে কিনতে চায় আর্সেনাল
বাংলাদেশি পাসপোর্ট পেলেন শমিত, বাকি শুধু ফিফার ছাড়পত্র