পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল চীন। সোমবার (৫ মে) প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠককালে এ কথা জানান পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং।
বৈঠকে প্রেসিডেন্ট জারদারি ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ও বিবৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। ভারতের আগ্রাসী মনোভাব ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ার শান্তিকে বিপন্ন করছে।’
আঞ্চলিক অস্থিতিশীলতার সময়ে পাকিস্তানের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেন জারদারি। তিনি বলেন, ‘চীনের অব্যাহত সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, বিশেষ করে যখন আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।’
রাষ্ট্রদূত জিয়াং জাইডংও পাকিস্তানের প্রতি চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় ও স্থায়ী করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু, আমরা অভিন্ন লক্ষ্য ও পারস্পরিক শ্রদ্ধায় ঐক্যবদ্ধ। কঠিন সময়ে আমরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছি।’
রাষ্ট্রদূত আরও জানান, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে চীন। তিনি বলেন, ‘স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এক হয়ে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’
