চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে আজ মঙ্গলবার ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই এক দশকে প্রথমবার তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠবে। হারলেই বিদায়। এমন ম্যাচে খেলোয়াড়দের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চান না বার্সা কোচ হান্সি ফ্লিক। বরং শিষ্যদের তিনি শুনিয়েছেন উপভোগের মন্ত্র।
এই দল নিয়েই চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছেন ফ্লিক। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলেই মনে করেন বার্সা কোচ, ‘এ মৌসুমে আমরা দুটি শিরোপা জিতেছি। প্রত্যেক খেলোয়াড় মাঠে নামলেই উন্নতি করে। এটাই উন্নতির সেরা পরীক্ষা; তারা অনেক কিছু শেখে। এই ম্যাচে চাপ নেওয়া উচিত নয়; তাদের উপভোগ করা উচিত এবং সতীর্থদের সঙ্গে খেলা উচিত। আমরা হাল না ছেড়ে সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
এবারের ম্যাচটি হবে ইন্টারের মাঠ মিলানের সান সিরোয়। এর আগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগের রোমাঞ্চকর লড়াইয়ে দুই দফায় পিছিয়ে পড়ে ৩-৩ ড্র করে বার্সেলোনা। তাই ২০১৫ সালের পর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে উঠতে মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে বার্সাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরবেন রবের্ত লেভানদোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকারকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানিয়েছেন ফ্লিক। এছাড়া খেলোয়াড়দের ওপরেও তিনি কোনো চাপ দিতে চান না, ‘মঙ্গলবারের ম্যাচটি আমাদের উপভোগ করতে হবে। এই পর্যায়ে খেলাটাই দারুণ ব্যাপারে। আমরা ফাইনালে ওঠার ক্ষমতা রাখি। আমি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে চাই না; তাদের উপভোগ করতে হবে। আমি চাই তারা ঐক্যবদ্ধ থেকে লড়াই করুক।’
বার্সার বিপক্ষে '২০০ শতাংশ' দিয়ে লড়ার প্রত্যয় ইন্তারের
সময় মতো ইতালির পাসপোর্ট না পাওয়ায় ব্রাজিলে খেলছেন রাফিনহা!
সাইক্লিং রেসে মাটিতে পড়েও হাসি মুখে ফিনিশিং মেসিদের কোচ স্কালোনির