ইয়ামালকে পাহারায় রাখবে দুজন, কোনো সমস্যা নেই বার্সেলোনার

আপডেট : ০৬ মে ২০২৫, ১০:২৪ এএম

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বড় দুশ্চিন্তার নাম লামিনে ইয়ামাল। ১৭ বছরের এই কিশোর বল পায়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন। দারুণ পরিণত এই ফরোয়ার্ডকে আটকাতে এবার দুজনকে পাহারায় রাখার পরিকল্পনা এঁটেছেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। তবে এতে কোনো সমস্যা নেই বার্সার।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে দৃষ্টিনন্দন পারফরম্যান্সে সব আলো কেড়ে নেন ইয়ামাল। ২১ মিনিটের মধ্যে দুই গোল খাওয়া বার্সাকে তিনি লড়াইয়ে ফেরান। দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার মিলান। দ্বিতীয় লেগের আগে ইন্টার কোচ ইনজাগি বলেছিলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে যেন সে বল না পায়, যদিও এটা অসম্ভব। তাকে দুইজনের পাহারায় রাখা হবে।’

এদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে এসেছিলেন দানি ওলমো। তার কাছে ইনজাগির এই বক্তব্যটি তুলে ধরা হলে তিনি বলেন, ‘আমরা সবাই জানি, সে কী ধরনের খেলোয়াড়। এটা আমাকে একটুও বিস্মিত করে না। দুজন মিলে তাকে আটকাতে চায়? সে যে দুই-তিনজনের বিপক্ষে খেলতে পারে- তা ইতোমধ্যেই দেখিয়েছে। এর অর্থ হলো (দুইজনে পাহারা দেওয়া) আমাদের আরও খেলোয়াড় অরক্ষিত থাকবে। কোনো সমস্যা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত