দক্ষিণ এশিয়ায় শান্তি চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:২৪ পিএম

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ফোনালাপে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দক্ষিণ এশিয়ায় শান্তি চায় ঢাকা, এ অঞ্চলে কোনো ধরনের সংঘাত চায় না। বাংলাদেশ চায় আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

ফোনালাপে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা যা ঘটেছে, আর পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে, সেটি অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চায় যে শান্তি বজায় থাকুক। উত্তেজনা প্রশমনে যাতে ব্যবস্থা নেওয়া হয়। উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক।

এ বার্তা দিল্লিকেও দেওয়া হবে কি না- উত্তরে তিনি বলেন, দিল্লি যদি ঢাকার কাছে জানতে চায়, তাহলে ঢাকা একই কথা বলবে। তবে আগ বাড়িয়ে কিছু বলবে না ঢাকা। ইসলামাবাদ থেকে যেহেতু ফোন এসেছে, তাই জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত