স্মৃতিবিজড়িত ইডেন গার্ডেন্সে শেষবার খেলতে নামছেন ধোনি?

আপডেট : ০৭ মে ২০২৫, ১১:২৩ এএম

রাঁচির ছেলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কলকাতার সম্পর্ক অনেক পুরনো। ইডেন গার্ডেন্সে বহু ম্যাচ খেলেছেন, স্ত্রী সাক্ষীর সঙ্গে পরিচয় হয়েছিল কলকাতাতেই। সেই কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার স্বাগতিক নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংস। ধারণা করা হচ্ছে, আজই হয়তো শেষবার ইডেনে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

৪৪ ছুঁইছুঁই বয়সের ধোনি এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেননি। প্রতিবার আইপিএলের সময় ধারণা করা হয়, এটাই হয়তো ধোনির শেষ আসর। কিন্তু দিনশেষে তিনি আর অবসর নেন না। এবারের আসরে চেন্নাই প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। তাদের বাকি ম্যাচগুলো স্রেফ সম্মানরক্ষার। আইপিএলে প্রতিটি দলের নির্দিষ্ট ঘরের মাঠ থাকে। ব্যতিক্রম শুধুমাত্র ধোনি। তিনি যে মাঠে খেলেন, সেটাই হয়ে ওঠে তার ঘরের মাঠ।

নিজ দলের সমর্থক তো বটেই, প্রতিপক্ষের থেকেও প্রচুর সমর্থন পান ধোনি। ইডেন গার্ডেন্সও তার ব্যতিক্রম নয়। এবার ইডেনে নাইট রাইডার্স সব ম্যাচে দেখা গেছে ধোনির জার্সি। বুধবার সেই সংখ্যা যে অনেক বাড়বে তা নিশ্চিত। ইডেনে কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের রেকর্ডও ভালো। দুই দল আইপিএলে এই মাঠে ১০ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে ৬বার, কলকাতা ৪বার। এই মাঠে দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০২৩ সালে।

চেন্নাই ছিটকে গেলেও কলকাতার প্লে-অফে ওঠার সুযোগ এখনও আছে। তবে প্লে-অফে উঠতে হলে বাকি তিনটি ম্যাচের সবগুলোই জিততে হবে।  অর্থাৎ, আজকের ম্যাচটি চেন্নাইয়ের সম্মানরক্ষার লড়াই হলেও কলকাতার লড়াই আইপিএলে টিকে থাকার। রাজস্থানের বিপক্ষে ঘরের মাঠের সমর্থন পেয়েছে কলকাতা। বুধবার সেই সমর্থন কমতে পারে। এমনকি কলকাতার জার্সির থেকে বেশি চেন্নাইয়ের জার্সি দেখা যেতে পারে ইডেনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত