বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ৭ সেনা নিহত

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৩২ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি জেলার মাচ এলাকায় পেতে রাখা ঘরে তৈরি একটি বোমা (আইইডি) বিস্ফোরণে দেশটির সাত সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবারের এই হামলাকে ‘ভারতের ছায়া বাহিনী’র কাজ বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই হামলার পেছনে রয়েছে তথাকথিত বালুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। বিস্ফোরকটি নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে মাচ এলাকায় পেতে রাখা হয়েছিল।

ঘটনার পরপরই গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করতে অভিযান চলছে বলেও নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

এদিকে, পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, সোমবারও বেলুচিস্তানের জিওয়ানি এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের একটি টহলদলকে লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। একই দিন পিশিন জেলায় এক কর কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়, তবে ওই কর্মকর্তা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া অঞ্চলে জঙ্গি হামলার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ২০২২ সালে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে দেশজুড়ে সন্ত্রাসী কার্যক্রম ফের তীব্র হয়ে ওঠে। এর ফলে ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত