গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরিহিত ৫/৬ জনের একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। প্রথমে ঐ বসতবাড়ির সামনের কেঁচি গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাত সদস্যরা। কালাম ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আড়াই ভরি স্বর্ণ, ২৫ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, মুখোশ পরিহিত ডাকাত সদস্যরা বাড়ির সামনের গেইট ভেঙ্গে ভিতর ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যায়।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই ডাকাত দল পালিয়ে যায়। তবে ডাকাত সদস্যদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে: আলী রীয়াজ
সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান