নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সাথে একত্রে সংসার করার দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন প্রথম স্ত্রী। বুধবার (৭ মে) আড়াইহাজারে এই ঘটনা ঘটে।
জানা যায়, আড়াইহাজার উপজেলার ভাটি গোবিন্দী এলাকায় ইমন মিয়ার বাড়ির সামনে অনশনে বসেন তার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার। তিনি গত ২৪ অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে সোনারগাঁ উপজেলার রাউথগাঁও গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তারকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর তারা কিছুদিন ঢাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পরবর্তীতে ইমন মিয়া সোনিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তাকে নিয়ে ঘর সংসার করতে অনিহা প্রকাশ করেন।
এদিকে ইতিমধ্যে ইমন মিয়া সোনিয়াকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। এরই প্রেক্ষিতে সকাল ১১ টায় সোনিয়া তার মা’কে নিয়ে স্বামী ইমন মিয়ার বাড়ির সামনে তাকে নিয়ে ঘর সংসার করার দাবিতে অনশন করতে শুরু করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে সামাজিকভাবে ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে।
