রোহিতের পর ভারতের টেস্ট অধিনায়ক শুবমান?

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:১১ পিএম

আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা। গতকাল বুধবার আচমকাই তিনি এই ঘোষণা দেন। আইপিএলের পরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আছে ভারতের। প্রশ্ন হচ্ছে, রোহিতের জায়গায় ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন কে? দেশটির গণমাধ্যম দাবি করছে, নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন তরুণ ব্যাটার শুবমান গিল।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বাজে ফর্মের কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় দলের নির্বাচকেরা। সেটা বুঝতে পেরেই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। ২৫ বছর বয়সী তারকা ব্যাটার শুবমান গিলকেই পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, যিনি চলতি আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই তারা নতুন দায়িত্ব শুরু হতে পারে।

এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রিত বুমরা। তবে এই তারকা পেসার চোটের সঙ্গে লড়াই করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া সিনিয়রদের মাঝে বিরাট কোহলি আর নেতৃত্ব নেবেন না। বাকি রইলেন লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা।জানা গেছে, রোহিতের জায়গায় শুবমানকে অধিনায়ক করার ব্যাপারে একমত হয়েছেন নির্বাচকেরা। তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্যাপের ছবি পোস্ট করে রোহিত শর্মা লিখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।’

উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতের হয়ে ৩২টি টেস্ট খেলেছেন শুবমান। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১ হাজার ৮৯৩ রান। এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন ৫টি, হাফসেঞ্চুরি ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১২৬ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত