ইউরোপা লিগের সেমিফাইনাল, বোডো/গ্লিমট ক্লাবের ১০৩ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সামনে টটেনহামের মতো ইংলিশ জায়ান্ট, আবার লড়াইটা নিজের ঘরের মাঠে। প্রথম লেগে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও স্বপ্ন দেখা তো দোষের কিছু নয়! তাই তো মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে জায়গা নিতে সমর্থকদের মাঝে চলছে টিকিটযুদ্ধ।
নরওয়ের বোডো শহরের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার। অথচ সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ টিকিট মাত্র ৪৮০টি। ফলে শহরজুড়ে শুরু হয়েছে হাহাকার, কোথায় পাবেন কাঙ্ক্ষিত টিকিট! এমন অবস্থায় অভিনব এক কৌশলে আলোচনায় এসেছেন বোডো সমর্থক টোরবিয়র্ন এইডা। পাঁচ কেজি শুঁটকির বিনিময়ে তিনি হাতিয়ে নিয়েছেন সেমিফাইনালের টিকিট!
মাছের খামারে কর্মরত এইডা ‘বোকনাফিস্ক’ নামে পরিচিত নরওয়ের বিখ্যাত শুঁটকির পাঁচ কেজি দিয়েছেন আর পেয়েছেন বহুপ্রতীক্ষিত টিকিট। শুঁটকির বাজারমূল্য প্রায় আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রোন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে এইডা বলেন, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেন না। তাই ভাবলাম, কারও না কারও কাজে লাগতে পারে।’
এইডার কাছ থেকে শুঁটকি নিয়ে টিকিট দিয়েছেন ওয়েস্টাইন আনেস নামের আরেক সমর্থক, তবে সেটা নিজের টিকিট নয়—ভাইয়ের টিকিট, যিনি ব্যস্ততার কারণে মাঠে আসতে পারছেন না।
এখানেই শেষ নয়, এই বিনিময়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন সমর্থক রেইনডিয়ারের মাংস দিয়ে টিকিট পাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ সফলও হয়েছেন বলে গুঞ্জন।
সবকিছুর পর আজ রাতে বোডোর ক্লাব ইতিহাস গড়বে কি না, সেটাই এখন সবার চোখে। প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেওয়ার হাতছানি দিচ্ছে নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমট। মাঠে কী হয়, তা সময়ই বলে দেবে, কিন্তু শুঁটকির বিনিময়ে টিকিট—এই গল্প ইতিহাসে রয়ে যাবে নিঃসন্দেহে।
ফুটবল হতে পারে যুদ্ধ বন্ধের প্রেরণা: ট্রাম্প
প্লে-অফ জিতে হামজার শেফিল্ডই খেলবে প্রিমিয়ারে, বলছে সুপারকম্পিউটার