মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে তিনজনকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ দণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুইদল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেদিন রাতে দুই পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের ইমন হোসেন, মো. সাকিব হোসেন ও মিন্টু প্রধান।
নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার মুন্সীগঞ্জ থানা ১২ জনের নাম উল্লেখ করে এ মামলাটি করে। গত বছর ১৭ সেপ্টেম্বরের আদালত মামলাটি অভিযোগ গঠন করে। মামলাটি ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেন। আদালত এ মামলাটিতে ১০ জনকে খালাস দেন।
