চার ঘন্টার অভিযান শেষে ম্যারাডোনার চিকিৎসা নথি জব্দ করলো পুলিশ

আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:৩১ পিএম

২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী ছেড়ে অনন্তলোকে যাত্রা করেন বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারদের একজন দিয়েগো ম্যারাডোনা। তবে তার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে রয়েছে চিকিৎসায় অবহেলার বিস্তর অভিযোগ। এ নিয়ে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচারকাজ চলমান আর্জেন্টিনার আদালতে। তারই অংশ হিসেবে আদালতের নির্দেশে বুয়েনস আয়ার্সের লস অলিভস ক্লিনিকে অভিযান চালিয়ে প্রচুর নথি জব্দ করেছে দেশটির পুলিশ।

মস্তিষ্ক ও খুলির মাঝে হেমাটোমার কারণে এই ক্লিনিকেই অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। অস্ত্রোপচার শেষে ৪ থেকে   ১১ নভেম্বর পর্যন্ত এখানেই আইসিইউতে ছিলেন ফুটবল কিংবদন্তি। বিচারকাজের জন্য ৩ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সময়কালের সকল নথি জব্দ করার নির্দেশ দেয় আদালত। ক্লিনিকটির পরিচালক পাবলো দিমিত্রফ জানান, সেই সময় এক নিউরোসার্জনের অধীনে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছিল ম্যারাডোনার অস্ত্রোপচার।

ওই সময়ের নথিগুলো জব্দ করতে রাতে লস অলিভস ক্লিনিকে বুধবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে পুলিশ। চার ঘন্টার এই অভিযান শেষে ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ এবং বিচারের সম্মুখীন হওয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে আদান-প্রদানকৃত ৫৪৭টি ইমেইল জব্দ করা হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবারে এ বিচারকাজের শুনানি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত