গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৯ মে ২০২৫, ১০:০২ এএম

গাইবান্ধা সদরে মাদক মামলায় শাকিল মিয়া ওরফে হামিদুল (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ মে) গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতিতে ছিলেন। দণ্ডপ্রাপ্ত শাকিল মিয়া ওরফে হামিদুলের (৩৮) বাড়ি সদর উপজেলার কলেজপাড়া এলাকায়। তিনি এলাকার পালক পিতা আলমগীর মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ ডিসেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার কলেজপাড়া-গোবিন্দপুর এলাকার একটি পুকুরের পাশের রাস্তা থেকে শাকিল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানার তৎকালীন উপ-পরির্দশক (এসআই) মোরশেদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২১ সালের ৯ মার্চ আসামি শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মাসুদুর রহমান। তিনি বলেন, ৫ বছর আগে ১০০ গ্রাম হিরোইন জব্দের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলায় একমাত্র আসামি শাকিল মিয়া। আদালত সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়।

তবে মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবি শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত