ভারতের ধ্বংস হওয়া ইসরায়েলি ড্রোনের সংখ্যা বেড়ে ৭৭

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:০৩ পিএম

সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য ভারতের পাঠানো ইসরায়েলের তৈরি ৭৭টি হারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতা তারার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

নিয়ন্ত্রণরেখায় (এলওসি) নিরাপত্তা সূত্র জানায়, আবাসিক এলাকায় বিনা উসকানিতে ভারতের গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

তারা জানিয়েছে, ভারী আর্টিলারি ব্যবহার করে হাজিরা, ফরোয়ার্ড কাহুতা এবং খুইরাত্তা এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এতে বেসামরিক হতাহত হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

নিরাপত্তা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর বেসামরিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ভারী কামান ব্যবহার করছে ভারতীয় বাহিনী। গোলাবর্ষণের পর পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কড়া ও তাৎক্ষণিক জবাব দেওয়া হয়েছে।

এদিকে পাক সেনার লাগাতার পাল্টা জবাবে বটতাল সেক্টরের বিপরীতে ধর্মশাল ২ পোস্টের কাছে সাদা পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দুই দেশের উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। উভয়পক্ষ এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত