দুবাই সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর এবার স্থগিত পিএসএলও

আপডেট : ১০ মে ২০২৫, ১০:০৩ এএম

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছানোর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শুক্রবার সকালে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একই দিনে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও জানায়, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল ২০২৫-এর বাকি অংশ। দু'দেশের মধ্যে সামরিক উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি ঘটেছে। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, ৭৮টি ড্রোন অনুপ্রবেশ ও ভারতের দিক থেকে ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মতো ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পিসিবি আরও জানায়, ‘আমরা শহীদদের পরিবার ও দেশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’

পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ বাতিল করা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন পড়ে যাওয়ার ঘটনায়। এরপর থেকেই বিদেশি ক্রিকেটারদের মাঝে উদ্বেগ দেখা দেয়।

পিএসএলের এবারের আসরে ৩৭ জন বিদেশি ক্রিকেটার অংশ নিয়েছেন—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে। অনেকেই পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নেন, যার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার ও নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

পিএসএলে বাকি ছিল আর মাত্র ৮টি ম্যাচ, যার মধ্যে প্লে-অফ ও ফাইনালও রয়েছে। মূলত ১৮ মে ফাইনাল হওয়ার কথা ছিল।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, ‘ঘরোয়া ও বিদেশি ক্রিকেটারদের রক্ষা করতেই আমরা বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে চেয়েছিলাম। তবে ভারত যেভাবে ইচ্ছাকৃতভাবে হামলার হুমকি দিচ্ছে, তাতে ঝুঁকি বাড়ছিল।'

অন্যদিকে বিসিসিআই-এর সেক্রেটারি দেবজিত সইকিয়া বলেন, ‘বিদেশি খেলোয়াড়রা নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে চাইলে সেই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর। আমরা কাউকে নির্দেশ দিইনি।’

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের দুই ডজনেরও বেশি খেলোয়াড় ও কোচ পিএসএল এবং আইপিএলে অংশ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত