ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে যে শর্তে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ মে ২০২৫, ১০:২৫ এএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ফিলিস্তিন রাষ্ট্রের স্টেকহোল্ডার হামাস হবে না। হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। 

শনিবার (১০ মে) মিডল ইস্ট মনিটরের এমন এক খবর প্রকাশ করা হয়েছে। এতে নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মে মাসের মাঝামাঝিতে একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব। এটি হবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরব সফরের অংশ।

গত ৬ মে হোয়াইট হাউসে রিয়াদে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন, তা নিয়ে অসংখ্য ভবিষ্যদ্বাণী করা হয়। এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা’ বলেও বর্ণনা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ঘোষণা করতে চান তার বাহিরেও, শীর্ষ সম্মেলনের এজেন্ডা এবং প্রত্যাশিত চুক্তিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও সামরিক চুক্তি থেকে শুরু করে প্রযুক্তি চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চুক্তি।

উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাদে সকল উপসাগরীয় নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে।  উল্লেখ্য বাদশাহ সালমান দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যগত কারণে জনসাধারণের অনুষ্ঠান বা সভায় অংশগ্রহণ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। 

সূত্র থেকে আরও জানা যায়, যুক্তরাষ্ট্র যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

সূত্র আরও জানায়, সম্মেলনটিতে অর্থনৈতিক চুক্তি অবশ্যই উপস্থিত থাকবে।  তবে তার মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর থেকে শুল্ক অব্যাহতি দেওয়ার ঘোষণা আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত