আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
পরে সংক্ষিপ্ত এক বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে বিভিন্ন স্থানে যায় বিক্ষোভকারীরা। এ সময় আন্দোলনকারীরা সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ জুলাই আন্দোলনের খুনিদের বিচার ও জুলাই সনদ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোডম্যাপের দাবি জানায়।
এতে উপস্থিত ছিলেন আরাফাত প্রীতম, অবন্তিকা দাস, ইমন মাহমুদ, জাকারিয়া রানা, মোহাম্মদ ফখরুল, শ্রাবণী আক্তারসহ আরও অনেকে। এছাড়া এ সময় ছাত্রদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রশিবিরের সদস্যরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
