৮ জেলা ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা

আপডেট : ১১ মে ২০২৫, ০৬:০৫ পিএম

দেশের আটটি জেলা ও সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় একথা বলা হয়।

সতর্কবার্তায় বলা হয়, রবিবার বিকেল তিনটা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা এবং সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যে কারণে এ সময়ে নিরাপদে চলাচলসহ বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়, বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা, জানালা ও দরজা বন্ধ রাখা, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়া, গাছের নিচে আশ্রয় না নেওয়া, কংক্রিটের মেঝেতে না শোয়া, কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত