জয়পুরহাটের পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। গতকাল রবিবার বিকেলে উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর ডান হাত ও ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়।
আহত অবস্থায় তাঁকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাত পর্যন্ত পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. কাজী ইসমাইল হোসেন জানান, এসআই আলমগীর কবীর ছুরিকাঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, কয়েক বছর আগে পাঁচবিবি এলাকায় এক দম্পতির তালাক হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারী বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। শনিবার ওই নারীকে তাঁর সাবেক স্বামী ডেকে এনে নিজ বাড়িতে আটকে রাখেন। পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
এসআই আলমগীর কবীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন, তবে শনিবার সেটি সমাধান হয়নি। রবিবার বিকেলে তিনি আবার সেখানে গেলে বিষয়টি নিষ্পত্তি করে ফেরার পথে পেছন থেকে এক ব্যক্তি তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারী ব্যক্তি একজন মাদকাসক্ত। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
ভারত-পাকিস্তানের মধ্যে নতুন যুদ্ধ!